ফেব্রুয়ারি ২৩, ২০১৫, ০৬:৫৬ এএম

রাজধানী মিরপুর থেকে ৪ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে এরা সবাই নাশকতাকারী।
রোববার রাত ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার এসআই মাসুদ পারভেজ জানান, রাত ১টার দিকে থানার টিঅ্যান্ডটি নম্বরে একটা ফোন আসে এবং জানানো হয়, কাজীপাড়া এলাকায় পেট্রলবোমাসহ তিনজনকে আটক করেছে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে এরা সবাই নাশকতাকারী। তাদের শরীরে কোনো আঘাত বা গুলির কোনো চিহ্ন রয়েছে কিনা তা সুরতহালের প্রতিবেদনের পর জানা যাবে। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে তিনজনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে।
অন্যদিকে মিরপুর টেকনিক্যাল ওভার ব্রিজের নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরেক যুবককে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায় পুলিশ। পরে সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মিরপুর থানাধীন টেকনিক্যাল ওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে রয়েছে- এমন খবর পায়। পরে পুলিশের একটি টহলদল ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।
ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই এসআই।