Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

কাঠের তৈরি ৩৪তলা ভবন!

মার্চ ৪, ২০১৫, ০৫:৫৮ এএম


কাঠের তৈরি ৩৪তলা ভবন!

 

কাঠ দিয়ে সর্বোচ্চ কত তলা ভবন তৈরি করা যায়? কারো উত্তর হবে দুই, কারো তিন। তবে অস্ট্রিয়া ও সুইডেন যে পরিকল্পনা নিয়েছে, তার কাছে আমাদের সব কল্পনাই নস্যি। দেশ দুটিতে ৩৪তলা পর্যন্ত কাঠের ভবন তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই পরিকল্পিত এসব স্থাপনার কাজ শুরু হবে।

ভিয়েনার নকশাবিদদের বরাত দিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা জানায়, আগামী বছর শুরু হবে ২৭৫ ফুট উঁচু ভবনের কাজ, যার বেশির ভাগ অংশই হবে কাঠের। আনুমানিক ২৫তলা ভবনটি তৈরিতে ব্যয় হবে ছয় কোটি ৭০ লাখ ইউরো।

সুইডেনের স্টকহোমেও একটি ৩৪ তলা কাঠের ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৩ সালে ভবনটির কাজ শেষ হবে বলে জানা গেছে।

কংক্রিটের বদলে কাঠের ভবন তৈরি করায় কার্বন নির্গত হবে কম। কারণ কংক্রিট তৈরির পক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন তৈরি হয়। অন্যদিকে কাঠ প্রক্রিয়ায় কার্বন নির্গমন তেমন নেই বললেই চলে। উল্টো কাঠের মধ্যে কার্বনডাই-অক্সাইড সঞ্চিত হয়। প্রতি ঘনমিটার কাঠে বছরে প্রায় একটন কার্বন জমতে পারে।

ভিয়েনার কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫তলা কাঠের ভবন তৈরি করলে কংক্রিটের ভবন তৈরির চেয়ে দুই হাজার ৮০০ টন কার্বন কম নির্গত হবে। এসব কারণে পরিবেশ সচেতন নকশাবিদরা কাঠের ভবনের প্রতি ঝুঁকছেন।