Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

‘কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত’

মার্চ ৫, ২০১৫, ১০:০১ এএম


‘কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত’

আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার প্রক্রিয়া স্থগিত থাকবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই তথ্য জানিয়েছেন।

কামারুজ্জামান রিভিউ আবেদন করার পর বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি কামারুজ্জামানের রিভিউ পিটিশন শুনানীর দিন ধার্যের জন্য চেম্বার আদালতে যাব।’

সাংবাদিকদের এক পশ্নের জবাবে তিনি বলেন, ‘কামারুজ্জামান তার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করার পরই ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। তিনি বলেন, এ কথা কাদের মোল্লার রিভিউয়ের রায়ে বলা আছে।’

এর আগে, গতকাল বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার আইনজীবী তাজুল ইসলাম, শিশির মনির, এহসান এ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও নজিবুর রহমান। গতকাল তারা আজ (বৃহস্পতিবার) রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছিলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন।

১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন বিচারপতি। ওই দিনই মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এবং তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়।

২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পেয়েছেন কামারুজ্জামানের আইনজীবীরা।