মার্চ ১৬, ২০১৫, ১০:২৭ এএম

সাড়ে তিন মাসের বেশি সময় ধরে বন্ধ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলে দেওয়া ও ক্লাশ পরীক্ষা চালুর দাবিতে কুষ্টিয়া শহরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে ইবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার কাস্টমমোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার নিরসন দাবি করেন শিক্ষার্থীরা।
এর আগে ইবি প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করতে ক্যাম্পাসে যেতে চাইলে কাস্টমমোড়ে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদের ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি।
গত ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ইবি ক্যাম্পাস। এর আগেও এক সপ্তাহ ধরে বন্ধ ছিল ইবি।