মার্চ ২৮, ২০১৫, ০৫:২৬ এএম

ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের ফাইনালটাই হবে ক্লার্কের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে টেস্ট ক্রিকেটটা আরো কিছুদিন খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেছেন, ‘আগামীকাল (রোববার) অস্ট্রেলিয়ার হয়ে আমি শেষ ওয়ানডে খেলব। আমি সতীর্থ জেমস স্টুয়েরল্যান্ড, রড মার্শ ও ড্যারেন লেম্যানের সঙ্গে কথা বলেছি। আর বলেছি যে এটাই আমার শেষ ওয়ানডে।’
২০০৩ সালে ক্যারিয়ার শুরু করার পর মূলত ২০১২ সাল থেকেই রিকি পন্টিংয়ের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান ক্লার্ক। ৭৩ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৪৯ ম্যাচে ফিরেছেন জয়ী হয়ে। ২১ ম্যাচে হারতে হয়েছে। সাফল্যের গড়টা নেহায়েত মন্দ নয়।
ক্যারিয়ারটা তার দীর্ঘ। তবে অনেকের মতো খুব দীর্ঘও নয়। বয়সও হয়নি খুব বেশি। তারপরও চলে যাচ্ছেন। আর বিদায়ের ঘোষণা দেবার পর বললেন, "সবাইকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞ আমি। আগামীকাল আমার ২৪৫তম ওয়ানডে হবে। এই পরিমান ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা বড় একটি সুযোগ এবং তা সম্মানের। যাদের সাথে খেলেছি তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ।"
অবসরের ঘোষণা দিতে গিয়ে অনেক কথাই বললেন ক্লার্ক। "আমার মনে হচ্ছে আমার ও অস্ট্রেলিয়া দলের জন্য এটাই আদর্শ সময়। চার বছর আগে এই অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পাওয়াটা ছিলো আমার জন্য সৌভাগ্যের। আমার মনে হয়না আগামী বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা আছে। এটাই তাই ঠিক সময়।"
ক্লার্ক বলেছেন, "নেতৃত্ব নেয়ার সময় অস্ট্রেলিয়া দলকে যে অবস্থায় পেয়েছিলাম তার চেয়ে ভালো জায়গায় রেখে যেতে পারছি বলে আমার বিশ্বাস। শেষ বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম। এই বিশ্বকাপে আমরা ফাইনালে উঠলাম। আশা করছি আগামীকাল সাফল্য পাবো।"
কিন্তু টেস্ট ক্যারিয়ারটা ধরে রাখতে চান ক্লার্ক। টেস্টের মাঝেই ক্রিকেটের আসল রস খুঁজে নিতে চান তিনি। "এই সিদ্ধান্ত আমার টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘ করবে বলে আশা করছি। টেস্ট ফরম্যাটে সাফল্য পাওয়াটা আমার কাছে গুরুত্ব পাচ্ছে বেশি। ওয়ানডে থেকে চলে যাওয়া আমাকে ভালো সুযোগ করে দেবে বলেই মনে করি-" বলেছেন ক্লার্ক। ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে খেলা ২৪৪ ওয়ানডেতে ৭৯০৭ রান করেছেন। তার গড় ৪৪.৪১। আটটি সেঞ্চুরি করেছেন। ফিফটি করেছেন ৫৭টি।