লক্ষ্মীপুরে নিহতের ঘটনায় পুলিশের তদন্ত শুরু

আমারসংবাদডটকম,
২ ফেব্র“য়ারি-১২ ::

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের তান্ডবে পুলিশের সাথে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত শুরু হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গঠিত দু’সদস্যের তদন্ত কমিটি গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত কমিটির দুই সদস্য হলো, পুলিশের অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) বিশ্বাস আফজাল হোসেন ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম মৃনা।
তদন্ত দল ঘটনাস্থলের আশেপাশে কয়েকটি বাড়িতে ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার জমশের আলী, এডিশনাল এসপি মো. হাসানুজ্জামান, সার্কেল এসপি কাজী হেলাল উদ্দিন এবং ডিআইওয়ান মনিরুল আলমসহ সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়া স্থানীয় সংবাদকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। তদন্ত দলের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঘটনার দিন সংঘর্ষ চলাকালে আহত কয়েকজন পুলিশ সদস্য একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করলে উত্তেজিত মিছিলকারীরা বাড়িটিতেও হামলা করে। মিছিলকারীরা ইটপাটকেল ছুঁড়ে পুলিশকে আশ্রয় না দেয়ার জন্য হুমকি-ধামকি দেয়। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ওই বাড়ির বিভিন্ন মূল্যবান মালামাল ভেঙে যায়।’
এক প্রত্যক্ষদর্শী জানান, ‘দুজন পুলিশ সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত ও পেটে গুলিবিদ্ধ হয়ে ওই বাড়ি এসে আশ্রয় নেয়। পেছন দিয়ে মিছিলকারী একজন বন্দুক নিয়ে পুলিশদের তাড়া করেছেন।’

আমার লক্ষ্মীপুর