এপ্রিল ৩, ২০১৫, ১১:৪১ এএম
বাংলাদেশ-চায়না পিপলস ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে ‘চাইনিজ কালচার ট্যুর টু সাউথ এশিয়া ২০১৫’ শীর্ষক দুই দিনের চিত্রকর্ম প্রদর্শনী। উদ্বোধনী দিনেই মানুষের আনাগোনায় জমে উঠেছে প্রদর্শনী।
একাডেমির ১ নম্বর গ্যালারির দুটি কক্ষ জুড়ে প্রায় ৩০টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। চিত্রকর্মগুলোর কোনোটাই শিল্পীর মূল কাজ নয়, সবগুলো প্রিন্টেড ভার্সন। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মে ধর্মীয় আধাত্ম্যবাদের পাশাপাশি চীনের পরিবেশ-প্রতিবেশ প্রবলভাবে ফুটে উঠেছে।
প্রদর্শনীর উদ্বোধনের আগে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল উদ্বোধনী আলোচনা। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এইচ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা লিং ঝিয়াং প্রমুখ।
প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মের শিল্পীরা হলেন সং রঙ্গুয়া, জেং লেইডি, চেন ইউফু, লিন ইয়ংসং, মা জুন, ওয়াং রুইগুয়াং, ইন জিয়াওফেংম ওয়াং জিয়াংগুয়া, ঝু দাওপিয়েং, ইউ ফেং, চুই ঝিন, লী নিং, হিউ ঝীবাও প্রমুখ। প্রদর্শনী শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।