রায়পুরে একরাতে ৫ দোকানে ডাকাতি
আমারসংবাদডটকম,
লক্ষ্মীপুর, ১৯ মার্চ-১২ :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকার কেরোয়া প্লাজায় রোববার রাতে পাঁচ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লোহার শাটার ও তালা ভেঙে নগদ টাকা, সিগারেট, মোবাইলের স্ক্র্যাচ কার্ডসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রোববার রাতের যে কোনো সময় ডাকাতদল ওই মার্কেটের হোসেন স্টোর, আল-আমিন টেলিকম, সজিব কনফেকশনারি, মনিহার মুদি দোকান ও আজিজ স্টোরে ঢুকে লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। ঘটনার সময় মার্কেটের পাহারাদার ও দোকানগুলোর ভেতরে কেউ ছিলনা বলে তারা জানান। উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা ও স্থানীয় ইউপি সদস্য আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি সদস্য আরিফুর রহমান ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। রায়পুর থানা পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার জানান, ঘটনাটি আমি শুনিনি। খোঁজখবর নেয়া হবে। এছাড়া গত কয়েকদিনে ডাকাতির ঘটনা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আমাদের নিয়মিত অভিযান চলছে। চরমোহনা ও বামনীসহ কয়েকটি ইউনিয়নে লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন।

আমার লক্ষ্মীপুর