Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

আইপিএলের শুরুতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা

এপ্রিল ৭, ২০১৫, ০১:১৬ পিএম


আইপিএলের শুরুতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা

 উদ্বোধনী অনুষ্ঠান আলো করে থাকবেন বলিউড তারকা আনুশকা শর্মা, হৃতিক রোশন, ফারহান আখতার, শহিদ কাপুর। তাঁদের সঙ্গে থাকবেন জনপ্রিয় সুরকার-গায়ক প্রীতম। তবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হতে পারবে কি না, তা নিয়ে ঘোর সংশয়। ঝড়-বৃষ্টিতে ভেস্তে যেতে পারে আকর্ষণীয় অনুষ্ঠানটি।

মঙ্গলবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে (যার অন্য নাম যুবভারতী ক্রীড়াঙ্গন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অষ্টম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু কলকাতায় কয়েক দিন ধরে চলা বৃষ্টি এই অনুষ্ঠানে হানা দিতে পারে।

আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পরিচালক জি সি দেবনাথ এমন আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, ‘মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় কলকাতা ও পার্শ্ববর্তী ৫০ কিলোমিটার এলাকায় ঝড়-বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা আছে। প্রতিকূল আবহাওয়া সল্ট লেকের উদ্বোধনী অনুষ্ঠান ভেস্তে দেবে কি না, তা বলা মুশকিল। তবে সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

বুধবার বিকেলেও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন জি সি দেবনাথ। সেদিন রাতেই আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটার ভেন্যু কলকাতার মাঠ ইডেন গার্ডেন্স।