Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

মেহেরপুরে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

এপ্রিল ৯, ২০১৫, ০৫:৪৫ এএম


মেহেরপুরে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

 মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে বুধবার রাতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

নিহতরা হলেন- সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক হোসেন (৩৬), নাজের আলীর ছেলে রফিক হোসেন (৪২) ও গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের আইয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম।

তিনজনের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামে ১০-১২ জনের এক দল ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাত দল রাজাপুর মাঠে শশার ক্ষেত পাহারাদারকে ধরে পিটুনি দেয়। পরে পাহারাদার গ্রামে পালিয়ে এসে খবর দিলে ডাকাত দলকে প্রতিরোধ করতে যায় গ্রামবাসী। ডাকাত দল গ্রামবাসীকে লক্ষ্য করে ৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে মাঠের ভেতর থেকে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে আরও দু’জনের মৃত্যু হয় বলে জানান হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মাহাবুব হোসেন।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, নিহতদের নামে মেহেরপুর জেলাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। এ দলের সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হবে বলেও জানান তিনি।