এপ্রিল ৯, ২০১৫, ০৬:৫৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার রাতে জ্যামাইকা পৌঁছেন। ৩৩ বছর পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট দ্বীপরাষ্ট্রটিতে পা রাখলেন। এর আগে ১৯৮২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান দ্বীপরাষ্ট্রটি সফর করেন। খবর: এএফপির।
এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে বারাক ওবামাকে স্বাগত জানাতে আসা বিপুল সংখ্যক লোকের প্রতি তিনি হাত নাড়েন। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়। এদের মধ্যে জ্যামাইকার প্রধানমন্ত্রী পোর্টিয়া সিম্পসন-মিলারও ছিলেন। তিনি ওবামার সঙ্গে আলিঙ্গন করেন। জ্যামাইকা সফরকালে ওবামার ক্যারিবিয়ান রাষ্ট্রগুলোর আঞ্চলিক জোট ক্যারিকমের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
বৈঠকে ওবামা ভ্যানিজুয়েলার সস্তা তেলের বিকল্প কোন জ্বালানির প্রস্তাব দিতে পারেন। সিম্পসন মিলারের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে ওবামা পানামার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আমেরিকাস সামিটে যোগ দিতে যাওয়া কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।