এপ্রিল ৯, ২০১৫, ০৭:০৬ এএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবি এলাকায় বুধবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ৫ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটিতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি রয়েছে।
গত রাতের এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।
এদিকে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরই মধ্যে ১২টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক সর্দার সরাফত আলী বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসায় আমরা সহায়তা করব।’