|
সেনবাগে অজ্ঞাত তরুণীর গলিত লাশ উদ্ধার
আমারসংবাদডটকম, ১৫ জুন-১২ :
নোয়াখালীর সেনবাগ উপজেলা কেশারপাড় ইউনিয়নের কালাইরাইতা গ্রামের একটি পরিত্যাক্ত মৎস্য খামার থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ২০বছরের এক অজ্ঞাত তরুণীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে।
সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো: মহসীন খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েকজন লোক কালাইরাইতা গ্রামের ইটবাড়িয়া-কালাইরাইতা সড়কের পাশে পরিত্যাক্ত একটি মৎস্য খামারের কাছ দিয়ে যাওয়ার সময় গন্ধ পায়।
পরে পুকুরের কাছে গিয়ে হাত-পা বাঁধা লাশ দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবদুল হাইকে খবর দেয়।
চেয়ারম্যান রাতেই থানায় খবর দিলে পুলিশ রাত একটায় হাত-পা বাঁধা অর্ধ-গলিত ও পোকা ধরা অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশের সুরতহাল শেষে ওসি জানান, ধারনা করা হচ্ছে হাত-পা বেঁধে ধর্ষনের পর লাশ এ পরিত্যাক্ত মৎস্য খামারে ফেলে দেয়া হয়েছে। প্রথমে পুরুষ না মহিলা তা নির্নয় করা যায়নি। পরে যুবতীর গায়ে সেলোয়ার দেখে সনাক্ত করা হয়। অর্ধ-গলিত লাশের সারা শরীর পোকায় ধরে গেছে। আনুমানিক ১০-১২ দিন আগে এখানে ফেলা হয়েছে।
শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। তবে; পরিচয় জানার চেষ্টা চলছে বলেও ওসি মো: মহসীন খান জানান।
|