এপ্রিল ৯, ২০১৫, ০১:১০ পিএম
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে দলটি। কার্যালয়ের নিরাপত্তা ও সাংগঠনিক জবাবদিহিতাসহ নানা কারণে এ উদ্যোগ নেয়া হয়।
দলীয় কার্যালয়ে অনাহুত ভিড় থেকে রক্ষা পেতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এন্ট্রি করে রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের প্রেক্ষিতে বুধবার থেকে কার্যালয়ের মূল প্রবেশ পথে একটি টেবিল ও চেয়ার নিয়ে একজন কর্মচারী শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত মোট ২৬ জন নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন বলে এন্ট্রি খাতায় তথ্য লিখিত রয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিসহ মোট ১৫ জন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেছেন।