এপ্রিল ৯, ২০১৫, ০৩:৪৬ পিএম
বৈসু, সাংগ্রাই ও বিঝু (বৈসাবি) উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সাত দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বৈসাবিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি, বৈশাখী মেলা, ঐতিহ্যবাহী খেলাধুলা, বলি খেলা, দেশী-বিদেশী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও খাগড়াছড়ি রিজিয়নের পরিচালনায় আনন্দ কনসার্ট।
১১ এপ্রিল সকালে বৈসু, সাংগ্রাই ও বিঝু-কে (বৈসাবি) স্বাগত জানিয়ে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হবে। একই দিন সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপি বৈসু-সাংগ্রাই-বিজু ও বৈশাখী মেলার শুভ উদ্ভোধন করা হবে।
১১-১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মেলায় দেশীয় ও বিদেশী শিল্পীদের পরিবেশনায় হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৭ এপ্রিল একই স্থানে খাগড়াছড়ি রিজিয়নের পরিচালনায় অনুষ্ঠিত হবে এক আনন্দ কনসার্ট।
এছাড়া ১১-১৭ এপ্রিল পর্যন্ত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী খেলাধুলা। ১৫ এপ্রিল বিকেল ২টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বলিখেলা ও ১৬ এপ্রিল বিকেল ৪টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে গুণীজন সংবর্ধনা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, পাহাড়ের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে এবার আয়োজনের পরিধি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বৈসাবির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।