এপ্রিল ১০, ২০১৫, ১০:৫২ এএম
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুজন আটক হয়েছে, যাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।
এরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠাল বাড়ি গ্রামের প্রয়াত জলু হাওলাদারের ছেলে আরব আলী (৫২) ও জয় আহম্মেদ সিরাজ (২৫)।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, শুক্রবার দুপুরে দশ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এস আই মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, বৃহস্পতিবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আরব আলী ও সিরাজ শ্রীনগর যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ উপজেলার চুনকুটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
“এসময় তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি রিভলভার, একটি এলজি বন্দুক, দুই রাউন্ড গুলি, চৌদ্দটি কার্তুজ ও ৮৭০ গ্রাম গান পাউডার উদ্ধার করে।”