এপ্রিল ১০, ২০১৫, ০৩:৩৮ পিএম
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ায় তাঁর রায় বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার রাতে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাত সাড়ে ৮টায় জানান, ‘কামারুজ্জামান প্রাণভিক্ষা চাননি। ফলে আমরা উচ্চ আদালতের রায় কার্যকরের প্রক্রিয়া চালাচ্ছি।’ অবশ্য এর আগেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
এদিকে রাত ৮টার দিকে রাজধানীর লালবাগ জোনের উপকমিশনার মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ কারাগারে প্রবেশ করেন। এ সময় একজন চিকিৎসককেও কারাগারে ঢুকতে দেখেন সেখানে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা। সাড়ে ৭টার দিকে একটি ট্রলিতে করে কারাগারে বাঁশ নিয়ে যেতে দেখা গেছে। এর আগে কারাগারে ঢোকেন সিনিয়র জেল সুপার ফরমান আলী।
এর আগে আজ সকাল ৯টা ৫০ মিনিটে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর আজিম। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাঁরা কারাগার থেকে বের হয়ে জিপ গাড়িতে উঠে চলে যান।
তারপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, তিনি (কামারুজ্জামান) কিছুটা সময় চেয়েছেন। তবে তাঁকে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
কারাগারের একটি সূত্র জানায়, জেল সুপার ও দুজন ম্যাজিস্ট্রেট কামারুজ্জামানের কাছে তাঁর মতামত জানতে চান। তবে তিনি ম্যাজিস্ট্রেটদের কাছে কী জানিয়েছেন, তা জানা যায়নি।