এপ্রিল ১১, ২০১৫, ০৬:০৯ এএম
আশুলিয়ার দুর্গাপুরে শুক্রবার রাতে বাড়ির কর্তাকে খুন করার পর ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়ির সবাইকে বেঁধে রেখে নগদ-টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত মনির মণ্ডলের (৩৫) বোন জেসমীন জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত মনির মণ্ডলের বাড়ির তৃতীয় তলায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে বেঁধে রেখে সবকটি ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।
একপর্যায়ে ডাকাতরা বাড়ির কর্তা মনির মণ্ডলকে বাথরুমে নিয়ে গলাকেটে হত্যা করে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মনির মণ্ডলের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।
নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকের এ ঘটনা ঘটিয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।