ঘনিয়ে আসছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বড়পর্দার জন্য একাধিক চলচ্চিত্র মুক্তির খবর পাওয়া গেছে। ছোটপর্দা তথা টিভি নাটকের উল্লেখযোগ্য কোনো নাম তেমনভাবে শোনা যায়নি। তবে বরাবরের মতো এবারও বেশকিছু সিনেমা ছোটপর্দায় দেখানো হবে। পুরাতন সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি নতুন সিনেমা এবারের ঈদ উপলক্ষে ছোটপর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ‘শান’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘বসন্ত বিকেল’, ‘মায়া দ্যা লস্ট মাদার’ ‘ভাইয়া রে’ প্রভৃতি। এসব সিনেমায় অভিনয় করেছেন পরীমণি, পূজা চেরী রায়, সিয়াম, ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ।
জানা গেছে ঈদের প্রথম দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এম রাহিমের পরিচালনায় ‘শান’ সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম, পূজা, মিশা সওদাগর, চম্পা প্রমুখ। চলচ্চিত্রটির কাহিনি শানকে কেন্দ্র করে আবর্তিত হয়। শুরুতে মানবপাচার হতে যাওয়া দুর্দশাপ্রাপ্ত মানুষের জীবনযাত্রা, দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও কালোবাজারে অঙ্গপাচার নিয়ে বর্ণনা দেয়া হয়। তারপর শানকে দেখানো হয়। শান (সিয়াম আহমেদ) বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পলিশ বাহিনীতে যোগ দেন। তিনি একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার। এ কারণে তার নামডাক রয়েছে। সরকার মানবপাচার রোধে অবসরপ্রাপ্ত সচিবকে (নাদের চৌধুরী) প্রধান করে একটি কমিটি গঠন করে। এতে তার জীবনের ওপর হুমকি আসে। একপর্যায়ে তাকে বাঁচাতে শত্রুদের অস্ত্রের শোডাউনের মাঝে বাইক নিয়ে উড়ে আসেন শান। ‘ভস্কো গ্রুপ’ যারা এই পাচারের সঙ্গে সরাসরি জড়িত। একদিন ঘটনাক্রমে সংগীতশিল্পী রিয়ার (পূজা) সঙ্গে দেখা হয় শানের। তাকে নিরাপদে পৌঁছে দিতে গিয়ে রিয়ার মা ও বাবার বন্ধুর ছেলের সঙ্গে শানের পরিচয় ঘটে। আস্তে আস্তে শান ও রিয়ার প্রেম হয়। প্রেমের মাঝে ভস্কো গ্রুপের মূল হোতাকে ধরতে বিভিন্ন সূত্র নিয়ে কাজ করতে থাকেন শান। ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে আবু রায়হান জুয়েলের পরিচালনায় বাংলা সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (ওয়ার্ড টিভি প্রিমিয়ার)। অভিনয় করেছেন সিয়াম, পরীমণি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকার প্রমুখ। মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
চ্যানেল আইয়ে ঈদের দিন সকাল ১০-১৫ মিনিটে দেখানো হবে সাইফুল ইসলাম মান্নুর চলচ্চিত্র ‘পায়ের ছাপ’। অভিনয় করেছেন মেঘলা মুক্তা, যোগদীপান্বিতা মার্টিনসহ অনেকে। ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বীরকন্যা প্রীতিলতা’। প্রেক্ষাগৃহে যারা এখনো ছবি দেখেননি, তাদের জন্য সিনেমাটি টেলিভিশনে দেখার সুযোগ আসছে। তিশা অভিনীত এই সিনেমাটি পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে দেখানো হবে। প্রেক্ষাগৃহে মুক্তির দেড়-দুই মাস পর চ্যানেল আইয়ের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন। চ্যানেল আই সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকাল ১০-১৫ মিনিটে দেখানো হবে প্রদীপ ঘোষ পরিচালিত এই সিনেমা। সরকারি অনুদানে তৈরি সিনেমার গল্প কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘বীরকন্যা প্রীতিলতা’ থেকে নেয়া হয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিশা। এতে তিশার সঙ্গে রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে মনোজ প্রামাণিক ও মাস্টার দা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। তিশা জানান, প্রীতিলতা চরিত্রটি ধারণ করতে তার পাঁচ মাসের বেশি সময় লেগেছে, কয়েক দফায় সেলিনা হোসেনের সঙ্গে কথা বলে নিজেকে তৈরি করেছেন তিনি। তিশা বলেন, ‘সিনেমার জন্য প্রীতিলতাকে নিয়ে গবেষণা হয়েছে, গবেষণার ওপর ভিত্তি করে চরিত্রকে ধারণ করেছি, মেকআপ নিয়েছি। তার চুল কখনোই ছোট ছিল না, এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। প্রীতিলতার সঙ্গে ৯০ ভাগ মেলানোর চেষ্টা করেছি। আমার ধারণা, সিনেমায় প্রীতিলতাকে খুঁজে পাবেন দর্শক। ঈদের তৃতীয় দিন আওয়াল রেজার পরিচালনায় ‘মেঘ রোদ্দুর খেলা’। অভিনয় করছেন নাজনীন চুমকী, মিলি বাশার, মাজনুন মিজান, টইটই হেলালি, অনিমা তাবাস্সুম প্রমুখ। ঈদের ৪র্থ দিন রয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইউম পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিম, জয়িতা মহলানবীশ, সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদসহ আরও অনেকে।
ঈদের ৫ম দিন দেখবেন ‘বসন্ত বিকেল’। রফিক শিকদারের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিপন মিত্র, শাহ হুমায়রা সুবাহ প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন দর্শক দেখবেন মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র ‘মায়া ‘দ্যা লস্ট মাদার’। অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মুমতাজ সরকার, প্রাণ রায়সহ অনেকে। ঈদের ৭ম দিন দেখবেন রকিবুল আলম রকিব পরিচালিত ‘ভাইয়া রে’। অভিনয় করেছেন রাসেল মিয়া, শবনম পারভীন, এলিনা শাম্মী, পীরজাদা শহীদুল হারুন প্রমুখ ।