বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় রপ্তানি খাতের গুরুত্ব অপরিসীম। পোশাক শিল্প থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি, কৃষিপণ্য ও ওষুধ শিল্প সব ক্ষেত্রেই দেশ এখন বৈদেশিক বাজারে স্থিতি ও সম্প্রসারণের পথে। এই ধারাবাহিক উন্নয়নের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সংস্থাটি মূলত দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত ও প্রসারিত করার লক্ষ্যে কাজ করে আসছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বিকাশে ইপিবি একাধিক পরিকল্পনা, পরিসংখ্যান বিশ্লেষণ, মেলা আয়োজন ও নীতিনির্ধারণে অবদান রেখেছে।
বাংলাদেশের রপ্তানি খাত আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নিবেদিতপ্রাণ নেতৃত্ব ও কর্মীদের নিরলস প্রচেষ্টা। সংস্থার নেতৃত্ব দিচ্ছেন ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তার দূরদর্শী দিকনির্দেশনায় ইপিবি দেশের রপ্তানি সম্ভাবনাকে আরও এগিয়ে নিচ্ছে।
তার নেতৃত্বে মহাপরিচালক–১ বেবী রাণী কর্মকার (যুগ্মসচিব), মহাপরিচালক–২ মো. আকতার হোসেন আজাদ (যুগ্মসচিব), পরিচালক, উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা দেশের রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন গন্তব্য খোঁজা এবং পণ্যের মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তারা শুধু প্রশাসনিক কাজে নয় বরং আন্তর্জাতিক বাণিজ্য মেলা, রপ্তানি পরিসংখ্যান সংগ্রহ ও বিশ্লেষণ এবং ব্যবসায়ীদের সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর এই নিবেদিতপ্রাণ দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের রপ্তানি খাত দিন দিন শক্তিশালী হচ্ছে, তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত। তাদের এই নিরবচ্ছিন্ন পরিশ্রম জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান উদ্দেশ্য হলো দেশের পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করা, নতুন বাজার সৃষ্টি করা এবং রপ্তানি আয়ের পরিধি বৃদ্ধি করা।
ইপিবি রপ্তানি ব্যবসায়ীদের সহায়তা প্রদান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য ব্র্যান্ডিং এবং রপ্তানিকারকদের প্রয়োজনীয় সার্টিফিকেট ও অনুমোদন প্রদান করে থাকে।
একই সঙ্গে সংস্থাটি রপ্তানিকারকদের জন্য প্রশিক্ষণ, গবেষণা ও বাজার বিশ্লেষণের সুযোগও সৃষ্টি করে। এর ফলে নতুন উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের ক্ষেত্রে বাস্তব সহায়তা পান।
ইপিবির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের রপ্তানি পরিসংখ্যান সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রকাশ করা। প্রতিমাসে ও প্রতি অর্থবছরে ব্যুরো বাংলাদেশের রপ্তানি আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, কোন খাতে কী পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে, কোন দেশগুলোতে রপ্তানি বেড়েছে বা কমেছে এবং কোন পণ্য ভবিষ্যতে সম্ভাবনাময়।
এই তথ্যগুলো শুধু সরকারি পরিকল্পনায় নয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন ও বিদেশি বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করে।
এছাড়া, ইপিবির ডাটাবেজে অন্তর্ভুক্ত তথ্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের জন্যও একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহৃত হয়।
ইপিবি দেশের রপ্তানির বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ভেতরে ও বিদেশে বিভিন্ন বাণিজ্য মেলার আয়োজনের মাধ্যমে বাংলাদেশি পণ্যের প্রচার ও বিপণনে সহায়তা করে।
প্রতি বছর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইপিবির অন্যতম বড় আয়োজন। এই মেলা শুধুমাত্র পণ্য বিক্রির ক্ষেত্র নয় বরং উদ্যোক্তা ও ক্রেতাদের সংযোগ স্থাপনের এক অনন্য প্ল্যাটফর্ম।
এছাড়া বিদেশেও বাংলাদেশের পণ্য প্রদর্শনের জন্য ইপিবি বিভিন্ন আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করে থাকে। যেমন, দুবাই, লন্ডন, কুয়ালালামপুর ও টরন্টোতে অনুষ্ঠিত মেলাগুলোতে বাংলাদেশের অংশগ্রহণের সমন্বয় করে ইপিবি।
এই মেলাগুলোর মাধ্যমে বাংলাদেশি তৈরি পোশাক, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ওষুধ, চা, সিরামিকস ও তথ্যপ্রযুক্তি সেবার প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
ইপিবির প্রশাসনিক কাজের মধ্যে অন্যতম হলো রপ্তানি সংক্রান্ত সার্টিফিকেট প্রদান। বিশ্ববাজারে পণ্য পাঠাতে রপ্তানিকারকদের বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির আওতায় স্বীকৃত সার্টিফিকেটের প্রয়োজন হয়।
ইপিবি, ডিএসপি, সাপটা, আফটা ও জিএসপি ইত্যাদি বাণিজ্য সুবিধার আওতায় সার্টিফিকেট ইস্যু করে থাকে। এই সার্টিফিকেটগুলো রপ্তানিকারকদের নির্দিষ্ট দেশ বা অঞ্চলে শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে পণ্য রপ্তানির সুযোগ দেয়।
ফলে, বাংলাদেশের ব্যবসায়ীরা বৈদেশিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পান এবং দেশের রপ্তানি আয়ও বাড়ে।
ইপিবি শুধু তথ্য সরবরাহই করে না, বরং নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণও প্রদান করে। দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামো, শুল্কনীতি, বাজার বিশ্লেষণ ও প্রক্রিয়াগত জটিলতা সম্পর্কে ধারণা দিতে ইপিবি নিয়মিত সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।
প্রতিবছর শত শত নতুন উদ্যোক্তা এসব প্রশিক্ষণ থেকে রপ্তানি বাণিজ্যে যুক্ত হচ্ছেন, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
বাংলাদেশের রপ্তানি আয় বর্তমানে বছরে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ছুঁই ছুঁই। এর মধ্যে তৈরি পোশাক শিল্পের অবদান সর্বাধিক হলেও কৃষিপণ্য, ওষুধ, জাহাজ ও তথ্যপ্রযুক্তি খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।
এই প্রবৃদ্ধির পেছনে ইপিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাজার গবেষণা ও আন্তর্জাতিক সংযোগের বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্যের উপস্থিতি জোরদারে ইপিবি সফলভাবে কাজ করছে।
ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় ইপিবি এখন তার কার্যক্রমকে আরও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা গ্রহণ করেছে। রপ্তানিকারকদের অনলাইন নিবন্ধন, ই-সার্টিফিকেট প্রদান, এবং বাজার বিশ্লেষণ প্রতিবেদন ডিজিটাল আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই ইপিবির ওয়েবসাইটের মাধ্যমে রপ্তানি পরিসংখ্যান, আবেদন ও ফরম অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। এতে প্রশাসনিক কাজ সহজতর হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও গতি বেড়েছে।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য যেমন বাড়ছে, তেমনি বৈশ্বিক প্রতিযোগিতাও কঠিন হচ্ছে। বিশেষ করে চীন, ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার মতো দেশগুলোও একই ধরনের পণ্য রপ্তানি করছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্যের মান, প্রযুক্তি ও বৈচিত্র্য বাড়ানো জরুরি।
ইপিবি তাই নতুন নতুন রপ্তানি পণ্যের ক্ষেত্র তৈরি করছে। যেমন, আইটি সেবা, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, হিমায়িত মাছ ও কৃষিপণ্য।
বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে। এই যাত্রায় রপ্তানি খাতই হবে প্রধান চালিকাশক্তি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সেই রূপান্তরের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
তথ্য, গবেষণা, প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সংস্থাটি দেশের অর্থনীতিকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করছে।
যদি পরিকল্পনামাফিক নীতি ও উদ্যোগ অব্যাহত থাকে, তাহলে আগামী দশকে বাংলাদেশের রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য অদূর ভবিষ্যতেই বাস্তবায়ন সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।
ইএইচ