আইপিডি-সেভ দ্য চিলড্রেন নগর সংলাপ

দেশের নগর এলাকায় নাগরিক সুবিধা অপ্রতুল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৮:০৭ পিএম

ঢাকাসহ বাংলাদেশের নগর এলাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় স্কুল, খেলার মাঠ, হাঁটার জায়গা, সবুজ এলাকাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধাদি অত্যন্ত অপ্রতুল। শিশুদের বেড়ে উঠবার জন্য প্রয়োজনীয় এই সকল অবকাঠামোসমূহ নগরে না থাকার কারণে শিশুদের সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে। ফলে শিশুরা মাদকাসক্তি, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আসক্তি, কিশোর গ্যাং এ জড়িয়ে পড়াসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পরছে। যে শিশুরা হতে পারত আমাদের দেশ গড়ার কারিগর, তারাই এখন জাতির বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

নগর পরিকল্পনার ক্ষেত্রে অবকাঠামো ও ইমারতকে প্রাধান্য দিতে গিয়ে শিশুদের বেড়ে উঠার মৌলিক অনুষঙ্গগুলোকে পিছনে ঠেলে দেবার পরিণতি হতে পারে ভয়াবহ। ঢাকা মহানগরীর জন্য প্রস্তাবিত বিদ্যালয়কেন্দ্রিক মহল্লা পরিকল্পনা, ব্লকভিত্তিক উন্নয়ন, এলাকাভিত্তিক পার্ক-খেলার মাঠ তৈরি ইত্যাদি প্রস্তাবনার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শিশুদের জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, রাজউকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাসমূহের কার্যকর উদ্যোগ, সঠিক প্রকল্প গ্রহণ, প্রয়োজনীয় অর্থায়ন ও কার্যকর বাস্তবায়নের রুপরেখা প্রণয়ন। একইসাথে নগর পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ের শিশুদের চাহিদা ও মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করা।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) এবং সেভ দ্য চিলড্রেন কর্তৃক আয়োজিত অন্তর্ভূক্তিমূলক ও শিশুবান্ধব ঢাকা: বিশদ অঞ্চল পরিকল্পনা প্রেক্ষিত শীর্ষক আইপিডি-সেভ দ্য চিলড্রেন নগরসংলাপে বক্তারা এসব কথা বলেন।  

সংলাপে আলোচক হিসেবে অংশ নিয়ে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, সাভার, খিলগাঁও, যাত্রাবাড়ি এলাকার শিশু কিশোরেরা বলেন, আমাদের খেলার কোন জায়গা নেই, দৌঁড়ানোর জায়গা নেই। স্কুলে যাবার জন্য ফুটপাতে হকারদের কারণে হাঁটতে কষ্ট হয়। সবুজ এলাকা বা খোলা জায়গার বড্ড অভাব।

শিশুরা আরও অভিযোগ করেন, ঠাসাঠাসি করে বানানো ভবনগুলোতে বসবাস করবার কারণে রুমের ভেতর সূর্যের আলো-বাতাস ঢুকতে না পারার কারণে আমরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি।  শিশুরা আকাশ দেখতে চায়, যে উন্নয়ন আকাশ ঢেকে দেয় সেই উন্নয়ন তারা চায় না। শিশুরা কমিউনিটির বন্ধুদের সাথে খেলাধূলা করে নির্মল আনন্দে বেড়ে উঠতে চায়। আর শিশুরা চায় শব্দ দূষণ, বায়ু দূষণ ও পানি দূষণ বন্ধ করে নির্মল ও দূষণমুক্ত পরিবেশ।

শিশুদের এসব দাবিসমূহকে অত্যন্ত যৌক্তিক ও শিশুদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে মূল প্রবন্ধে আইপিডির নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক পরিকল্পনাবিদ ড.আদিল মুহাম্মদ খান বলেন, এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে, এবারের বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ে শিশুদের সম্পৃক্ত করে তাদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুরূপভাবে শিশুদের জন্য অন্তর্ভুক্তমূলক ও বাসযোগ্য ঢাকা শহর গড়তে আইনি কাঠামো তৈরি এবং পরিকল্পনা ও বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণ করা দরকার। পাশাপাশি শিশুদের অধিকার সম্পর্কে শিশুদের সচেতন করা এবং কমিউনিটি ও জাতীয় পর্যায়েশিশুদের অধিকার নিয়ে গণসচেতনতা বৃদ্ধি করা ও করণীয়সমূহ নির্ধারণ করবার সহায়ক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমাদের কাজ করা উচিত। 

আইপিডির উপদেষ্টা ও অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর যদি তার মেয়াদকালীন সময়ে অন্তত একটি খেলার মাঠ বা পার্ক করার উদ্যোগ নিতে পারে। তাহলেও ঢাকার উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। একইসাথে আমাদের উন্মুক্ত স্থান ও গণপরিসর এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবহারের ব্যাকরণ শেখার ব্যাপারে আন্তরিক হওয়া প্রয়োজন এবং এলাকাভিত্তিক সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।  

রাজউকের পরিকল্পনাবিদ ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, এবারের ড্যাপে প্রস্তাবিত স্কুল জোনিং এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে শিশুদের হাঁটা দূরত্বে স্কুলের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এ লক্ষ্যে রাজউক পিপিপিসহ বিভিন্ন কৌশলের মাধ্যমে মানসম্মত স্কুল প্রতিষ্ঠার ব্যবস্থা করবে। ড্যাপের সঠিক বাস্তবায়নের মাধ্যমে নিম্ন আয়ের লোকদের জন্য লক্ষাধিক আবাসন ইউনিট তৈরির উদ্যোগ নেয়া হবে। যার মাধ্যমে আবাসন সংকট মোকাবেলা করা সহজ হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম বলেন, সিটি করপোরশনকে নাগরিক সুবিধাদি নিশ্চিত করা ও প্রয়োজনীয় গণপরিসর বাস্তবায়নে অত্যন্ত সহায়ক দলিল হিসেবে কাজ করছে বিশদ অঞ্চল পরিকল্পনা। ড্যাপের সুনির্দিষ্ট প্রস্তাবনার কারণেই  মিরপুরের প্যারিস রোডের মাঠ রক্ষা করা সম্ভবপর হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নগর সংলাপে আরো বক্তব্য রাখেন, স্থপতি রোকসানা রশিদ, পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান, পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম, জাহাঙ্গীর বিশ^বিদ্যালয়ের (জাবি) সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা, ঐশি কবিরাজ, ইয়াসির আমিন, সানজিদা আক্তার, রোকসানা দিপু, আল মামুন, আবু মুসা প্রমুখ।


ইএফ