রাজধানীর গেন্ডারিয়ায় একটি ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামের ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল। অন্য দুজনের অবস্থাও এখনও আশঙ্কাজনক।
গেন্ডারিয়া থানার এসআই আব্দুল কাদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে এই দুর্ঘটনায় দোতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা তিনজন দগ্ধ হন।
তারা হলেন— মো. মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের সন্তান মেজবাহ উদ্দিন (২৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, মেজবাহ উদ্দিনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি প্রায় মৃত অবস্থায় হাসপাতালে পৌঁছান। পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
এসআই আব্দুল কাদের বলেন, দুর্ঘটনার সময় একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে বাসার বারান্দায় থাকা আইপিএসও বিস্ফোরিত হয় এবং বাসায় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাত ২টা ১০ মিনিটে গেন্ডারিয়ায় দোতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পান। গিয়ে তারা চারটি কক্ষে আগুন দেখতে পান। দুইটি ইউনিট কাজ করে রাত ২টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় দগ্ধ তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ এবং সালমা বেগমের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও এখনও সংকটাপন্ন।
ইএইচ