রাজধানীর মালিবাগে ধূমপান নিষেধাজ্ঞা নিয়ে বিরোধের জেরে সোহাগ পরিবহনের কাউন্টার ও কোম্পানির এক মালিকের বাসায় হামলার ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলায় মালিক আলী হাসান পলাশ তালুকদার, তার গাড়ি চালক ও একাধিক কর্মচারী আহত হন।
ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, সোহাগ পরিবহনের মালিকের বাসার সামনে কয়েকজন যুবক ধূমপান করছিলেন। এ সময় দারোয়ান তাদের সেখান থেকে সরে যেতে বললে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর মালিক গাড়ি নিয়ে বাসায় ফিরলে আবারও তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়।
এর কিছু সময় পর অর্ধশতাধিক যুবক লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়ে মালিক, দারোয়ান ও চালকের ওপর হামলা চালায়। পাশাপাশি সোহাগ পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে কর্মচারীরাও মারধরের শিকার হন।
আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম জানান, “৬০ থেকে ৭০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাসার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।”
সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক তালুকদার সোহেল বলেন, “আমাদের কাউন্টারের এক কর্মী ধূমপান না করতে বলায় এ ঘটনা ঘটে। পরে তারা আরও লোক এনে হামলা চালায়, আমাদের স্টাফদের কুপিয়েছে, বাসায় ভাঙচুর করেছে।”
এ ঘটনায় স্থানীয় এক রাজনৈতিক নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও পুলিশ বলছে, এখনো তা নিশ্চিত নয়।
সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। মামলা হলে তদন্ত করে দেখা হবে কারা জড়িত।
ইএইচ