স্বরাষ্ট্র উপদেষ্টা

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমাতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:১০ পিএম

বয়স্ক বন্দিদের স্বাস্থ্য ও অবস্থার কথা বিবেচনা করে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, “কারাগারে অনেক সমস্যা আছে, সংস্কারের প্রয়োজন আছে। বাজেটের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। যারা বন্দি আছেন, তাদের মধ্যে অনেকের বয়স অনেক বেড়ে গেছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের ওষুধের খরচও বেশি।”

তিনি আরও বলেন, “১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে এটি হতে পারে ২০ বছর। আমরা এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আলোচনার ভিত্তিতে নারীদের জন্য সম্ভবত ২০ বছর, পুরুষদের জন্য আরও কিছুটা বেশি হতে পারে। তবে বয়স ও অপরাধের প্রকৃতি অনুযায়ী কিছু শর্ত যুক্ত থাকবে।”

ব্রিফিংয়ে তিনি উদাহরণ হিসেবে বলেন, “যদি কেউ ১৮ বছর বয়সে অপরাধ করে এবং ২০ বছরের কারাদণ্ড পায়, তাহলে ছেড়ে দিলে তার বয়স তখন ৩৮ বছর। তখন সে পুনরায় অপরাধ করতে পারে। এ বিধান এখনও চূড়ান্ত হয়নি।”

সভায় এছাড়াও পুলিশের প্রশিক্ষণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, ছিনতাই ও চুরি-ডাকাতি রোধ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ