জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের খোঁজ মিলেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স এর পেজে দেওয়া তিনটি পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়।
২২ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পেজে দেওয়া প্রথম পোস্টে বলা হয়, “কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। তাকে উদ্ধারের জন্য আমরা রওনা দিয়েছি।”
দ্বিতীয় পোস্টে উল্লেখ করা হয়, “ধারণা করা হচ্ছে, গত সপ্তাহ ধরে নিখোঁজ থাকা মামুন ভাইকে কেউ ফেলে রেখে গেছে। আপাতত তাকে চিকিৎসা দেওয়া হবে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
তৃতীয় পোস্টে বলা হয়, “জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ট্রমায় আছেন। প্রধান লক্ষ্য তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা। মামুনকে উদ্ধার করে নিয়ে এসেছেন উত্তরা পুলিশের ডিসি ও তার টিম।”
উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, “আমরা মামুনকে উদ্ধার করেছি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে সুস্থ হোন, পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
ইএইচ