দৈনিক আমার সংবাদ পরিচালনার নতুন দায়িত্বে বিশিষ্ট সংগঠক বীরমুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৭:২৯ পিএম

দৈনিক আমার সংবাদ নতুনভাবে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট সংগঠক বীরমুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান। 

তিনি এক বিবৃতিতে জানান, নতুন উদ্যমে এবং নতুন আঙ্গিকে তরুণ সাংবাদিকদের নিয়ে দৈনিক আমার সংবাদকে আরও গতিশীল ও পাঠকবান্ধবভাবে পরিচালনা করার লক্ষ্য নিয়েই তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।

শরীফ রফিকউজ্জামান বলেন, বিগত দিনে অন্যরা কোন নিয়মে দৈনিক আমার সংবাদ পরিচালনা করেছেন, তা নিয়ে আমার আগ্রহ নেই। আমি বর্তমান সময়ে একদল তরুণ, উদ্যমী সাংবাদিক ও অফিসের অভিজ্ঞ সহকর্মীদের নিয়ে এই পত্রিকাটিকে নতুন অবয়বে সাজাতে চাই। আমাদের লক্ষ্য হবে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং জনগণের মনের কথা তুলে ধরা।

তিনি আরও বলেন, দৈনিক আমার সংবাদের সকল প্রতিনিধি, কলাম লেখক, সংবাদদাতা এবং যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের প্রত্যেককে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। আপনারাই আমাদের প্রকৃত শক্তি। আমরা চাই, সারাদেশে নতুনভাবে এই পাঠকবান্ধব সংবাদপত্রের কার্যক্রম পরিচালনার বিষয়ে সবাইকে অবহিত করতে।

নতুন সম্পাদকীয় ব্যবস্থাপনায় শরীফ রফিকউজ্জামান বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তরুণ প্রজন্মের সাংবাদিকদের অংশগ্রহণ। তার মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা ও মাঠপর্যায়ের অনুসন্ধানী এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আমার সংবাদ নতুন এক মাত্রায় উন্নিত হবে।

তিনি সকল সহকর্মী, প্রতিনিধি ও পাঠকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে যেখানে দায়িত্ব পালন করছেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকল পর্যায়ে সোচ্চারভাবে অবহিত করুন যে এখন থেকে দৈনিক আমার সংবাদ নতুনভাবে পরিচালিত হচ্ছে। আমাদের এই বিশেষ যাত্রায় আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দিকনির্দেশনা একান্তভাবে প্রত্যাশা করছি।

একই সঙ্গে তিনি সারা বাংলাদেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, যেকোন প্রয়োজনে বা পরামর্শের জন্য তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে।

শরীফ রফিকউজ্জামান আশা প্রকাশ করেন, দৈনিক আমার সংবাদের নতুন টিম সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এবং পাঠকদের আস্থা অর্জন করবে।

ইএইচ