শাহবাগে নারীসহ তিনজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৪:০৯ পিএম

রাজধানীর শাহবাগ থেকে এক রাতে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা, রাত ১০টা ও রাত ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

তিনি বলেন, রাত ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে অচেতন অবস্থায় একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আর রাত ১২টার দিকে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন অজ্ঞাত পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু স্বাভাবিক কিংবা অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে হতে পারে। 

তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেও নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিন ঘটনাতেই শাহবাগ থানায় পৃথক সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

ইএইচ