প্রেস সচিব শফিকুল আলম

আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে এক ইঞ্চিও ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১২:১৫ এএম

ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কেউ মিছিল করলে তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘সরকারি আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী লীগের একটিভিটিস, সভা, মিছিল বা যাই করতে যাবেন সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনের কঠিন প্রয়োগ হবে, কোনো ধরনের ব্যত্যয় হবে না। এই জায়গায় সরকার এক ইঞ্চি ছাড় দেবে না। কেউ যদি খুনি ফ্যাসিস্ট লিডার দ্বারা উদ্বুদ্ধ হয়ে মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে শত শত ছেলে-মেয়েকে খুন করার অভিযোগ রয়েছে। উনি ঢাকার বড় কসাই। উনি বুচার অব বেঙ্গল (বাংলার কসাই)। উনি ভারতে বসে কী করছেন, কী নির্দেশ দিচ্ছেন, সেগুলো অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।’

ইএইচ