আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক’

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১১:০২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকার ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত করেছে। 

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়। যেকোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি লকডাউনের কর্মসূচিতে অংশগ্রহণের চেষ্টা করে, তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠক মূলত আওয়ামী লীগের কর্মসূচি এবং ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে আয়োজন করা হয়। 

বৈঠকে বলা হয়, বিদেশে বসে দলের কিছু মধ্যম সারির নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি প্রচার করছে এবং কিছু নেতা–কর্মী বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর থেকে ঢাকায় আসছেন।

বৈঠকে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব গৃহীত হয়। 

এছাড়া, সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগের পরিকল্পনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হওয়ার কথা ছিল। 

তবে বৈঠকে সিদ্ধান্ত হয়, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “১৩ নভেম্বর ঢাকার লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। সেনাবাহিনী মাঠে আগের মতোই মোতায়েন থাকবে এবং কোনো সদস্যকে প্রত্যাহার করা হবে না।”

ইএইচ