মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন, দগ্ধ হয়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১২:২০ এএম

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ উত্তরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘কিরণমালা’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩-১২৬২ নম্বরের বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসে দুইজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন আগুনে দগ্ধ হয়ে নদীতে লাফ দেন।

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নদীতে লাফ দেওয়া দগ্ধ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, “নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকায় কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

ইএইচ