প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয়, তবে সরকার সেই সহায়তা করবে।
বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয়, সেটা সরকার করবে।" আরও যোগ করেন, "আর যেহেতু সরকার তাঁকে ইতোমধ্যে ভিভিআইপি ঘোষণা করেছে। তাঁর (খালেদা জিয়া) আইন অনুযায়ী যেই সুযোগ-সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্য সবগুলোই তাঁকে দেওয়া হবে।"
এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, "বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ এর নীতিগত অনুমোদন হয়েছে। সেটা সামনের বৈঠকে আবার নতুন করে পেশ করা হবে। এটা সাবজেক্ট টু ফারদার ইনপুট ফ্রম দি কমার্স।"
তিনি জানান, কমার্স মিনিস্ট্রি এটার বিষয়ে আরও কিছু কিছু ইনপুট দেবে। এটার ওপর একটা নতুন করে আরেকটা এক ধরনের কনসাল্টেশন হবে। শফিকুল আলম বলেন, "এটা খুবই যুগোপযোগী একটি আইন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা চাচ্ছিল। বাংলাদেশে ফরেন ইনভেস্টর যারা কাজ করে তারা তাদের ইনভেস্টমেন্টের এক ধরনের প্রটেকশন চান এবং অনেক ক্ষেত্রে অনেক আর্বিট্রেশনেও যেতে চান অনেক বিষয়ে।"
তিনি আরও বলেন, "সেজন্য তাদের ইনভেস্টমেন্টকে ফেসিলিটেট করার জন্য, ইজিয়ার করার জন্য, এই আইনটার চিন্তাভাবনা করা এটা নীতিগত অনুমোদন হয়েছে।"
এ সময় ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
ইএইচ