উপদেষ্টা পরিষদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সুষ্ঠু ও স্বাধীন তদন্ত দাবি করেছে যুব অধিকার পরিষদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে।
সংবাদ সম্মেলনের আগে দুদক কার্যালয়ের সামনে ‘ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা বলেন, গত ১৭ মাসে দুই উপদেষ্টার অর্জিত সম্পদের পূর্ণ বিবরণ জনগণের সামনে প্রকাশ করতে হবে।
যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগের বিষয়টি যদি আমলে না নেওয়া হয় এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তবে দুদক ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের ব্যক্তিগত সহকারী ও ঘনিষ্ঠ সহযোগীরা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।
মামুন আরও দাবি করেন, সংশ্লিষ্ট উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকের প্রতি নিরপেক্ষ তদন্ত শুরু করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, দুদক সবসময় ক্ষমতাসীন সরকারের প্রভাবাধীন অবস্থায় কাজ করে, যার ফলে দেশের দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয় না।
জেএইচআর