আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের একদিনের মাথায় তাদের মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বুঝে পেয়েছেন উপদেষ্টা পরিষদের তিন সদস্য।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে নতুন এ দায়িত্ব বণ্টনের কথা জানিয়েছে সরকার।
এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। আসিফের দায়িত্বে থাকা আরেক মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের ভার পড়েছে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের ওপর।
অন্যদিকে মাহফুজ আলমের পর এবার তথ্য মন্ত্রণালয়ও সামলাবেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এতদিন সামলাচ্ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ইএইচ