মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার ইডেন কলেজের ছাত্রী

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৩১ পিএম

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর হামলায় ইডেন কলেজের শিক্ষার্থী অর্পিতা মুখার্জি (২৪) আহত হয়েছেন। 

শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা রায় জানান, অর্পিতা ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বসবাস করেন। সকালে গ্রামের বাড়ি রংপুর যাওয়ার উদ্দেশ্যে রিকশাযোগে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন।

রিকশাটি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি রিকশা থেকে ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন।

জেএইচআর