স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, নির্বাচন ভালোভাবে হয়ে যাবে।
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন নির্ভর করে জনগণের ওপর এবং যে দলগুলো অংশগ্রহণ করে তাদের ওপর, এরপরে ইলেকশন কমিশন। এরপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। পার্টিগুলো যদি সহাবস্থান করে তবে তা আমাদের জন্য ভালো।
তিনি আরও বলেন, সবচেয়ে বড় দরকার সাংবাদিকদের সহযোগিতা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেন, তবে সবচেয়ে ভালো হয়।
কৃষি প্রসঙ্গে তিনি বলেন, চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা।
ইএইচ