রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা এই হামলা ও ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন রাতে একদল লোক শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। মিছিলকারীরা এ সময় প্রথম আলো এবং ভারতবিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিল থেকে কিছু লোক কার্যালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান।
আক্রমণকারীরা অফিসের ভেতরের বিভিন্ন আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কম্পিউটারসহ ইলেক্ট্রনিক সরঞ্জাম নিচে ফেলে দেন। এছাড়া কার্যালয়ের সম্মুখভাগে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে সরে যান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রথম আলো কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইএইচ