হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক নূরুল কবীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:১৯ এএম

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সংবাদপত্রের কার্যালয়ে হামলার সময় সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে একদল উচ্ছৃঙ্খল জনতার হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এর সম্পাদক নূরুল কবীর। 

বৃহস্পতিবার দিবাগত রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ভবনে আটকে পড়া সাংবাদিকদের সহায়তার জন্য ঘটনাস্থলে ছুটে যান নূরুল কবীর। এ সময় সেখানে উপস্থিত উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কিছু মারমুখী ব্যক্তি তাকে ঘিরে ধরে ‘আওয়ামী লীগের দালাল’ বলে কটাক্ষ করছে। এমনকি ভিড়ের মধ্যে তার চুল টেনে ধরা এবং ধাক্কা দেওয়ার দৃশ্যও দেখা গেছে।

পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে সেখানে উপস্থিত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত নূরুল কবীরকে মানববেষ্টনী দিয়ে সুরক্ষা প্রদান করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে আসা একটি মিছিলকে কেন্দ্র করে এই উত্তজনা তৈরি হয়।

রাত ১২টার দিকে বিক্ষোভকারীরা প্রথমে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে একই দল ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনেও হামলা চালায়। এই পরিস্থিতির খবর পেয়েই নূরুল কবীর সেখানে উপস্থিত হয়েছিলেন। গভীর রাত পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছিল।

ইএইচ