নূরুল কবীর

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা ‘মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:১৯ পিএম

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাকে ‘মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।

সোমবার বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

নূরুল কবীর বলেন, “সংবাদকর্মীরা যখন ভেতরে কাজ করছিলেন, তখন অফিসে আগুন লাগিয়ে দেওয়া এবং ফায়ার সার্ভিসকে বাধা দেওয়ার মধ্য দিয়ে হামলাকারীদের লক্ষ্য পরিষ্কার হয়েছে। তারা চেয়েছে ভিন্নমতাবলম্বীদের পুড়িয়ে হত্যা করতে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সমাজ যদি এই ধরনের বর্বরতা সহ্য করে, তবে শুধু প্রতিষ্ঠান নয়, গোটা সমাজব্যবস্থার উন্নতির পথ রুদ্ধ হয়ে যাবে।

সভায় নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনারও তীব্র প্রতিবাদ জানানো হয়। তিনি উল্লেখ করেন, প্রতিটি সংবাদমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, যা রক্ষা করা গণতান্ত্রিক সমাজের দায়িত্ব। অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণমাধ্যম ও দেশের চিন্তাশীল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা কেবল সাংবাদিকদের নয়, বরং পুরো সমাজের দায়।

প্রতিবাদ সভা শেষে হোটেল সোনারগাঁওয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। অংশগ্রহণকারীরা অবিলম্বে সংবাদপত্রের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইএইচ