ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তারা সড়কের চারদিকের যান চলাচল বন্ধ করে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগ মোড় থেকে তারা সরবেন না। প্রয়োজনে আজ রাত শাহবাগ চত্বরেই অবস্থানের হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী তীব্র ক্ষোভ ও বিচার দাবি জানিয়ে আসছেন ছাত্র-জনতা।
ইএইচ