গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৪৪ পিএম

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার সন্ধ্যায় আটতলা ভবনটির ছাদের ওপর অবস্থিত ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বর্তমানে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৫টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়ে বর্তমানে ৯টি দল আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শপিং কমপ্লেক্সের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। অগ্নিকাণ্ডের ফলে গুলিস্তান ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে এবং উৎসুক মানুষের ভিড় সামলাতে পুলিশ কাজ করছে।

ইএইডচ