গুলিস্তানে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:১৮ পিএম

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শপিং কমপ্লেক্সটির ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। খবর পাওয়ার পরপরই দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে ইউনিটগুলো পাঠানো হয় এবং সম্মিলিত চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আগুনের উৎস ও ক্ষতির মাত্রা নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ইএইচ