ভারতে সংখ্যালঘু নির্যাতনে ঢাকার গভীর উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৩২ পিএম

ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম ও খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এই উদ্বেগের কথা জানান।

মুখপাত্র বলেন, ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি এবং ধর্মীয় স্বাধীনতায় বাধার মতো ঘটনাগুলো উদ্বেগের বিষয়। চলতি মাসে ওড়িশায় জুয়েল রানা ও বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড এবং কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা উল্লেখ করে তিনি বিষয়গুলোকে 'ঘৃণাজনিত অপরাধ' হিসেবে আখ্যা দেন।

এছাড়া গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানায় ঢাকা। 

মাহবুবুল আলম বলেন, “আমরা প্রত্যাশা করি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে এবং দায়ীদের বিচারের আওতায় আনবে। নিজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।”

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এ ধরনের লক্ষ্যভিত্তিক সহিংসতা আঞ্চলিক সম্প্রীতির জন্য অন্তরায়। ভারত সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইএইচ