ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যাপারে জনসচেতনতার লক্ষ্যে এই ভোটে 'হ্যাঁ' ভোট আর 'না' ভোট দিলে জনগণ কী পাবে বা পাবে না, তা নিয়ে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে।
শুক্রবার বিকেলে ‘গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে কী পাবেন আর 'না' ভোট দিলে কী পাবেন না, জেনে নিন’ শিরোনামে পোস্ট করা একটি ফটোকার্ডে গণভোটে 'হ্যাঁ' ভোট এবং 'না' ভোট দেওয়ার ফলাফল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়।
তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ‘জুলাই সনদ’ অনুযায়ী দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সাংবিধানিকভাবে স্থায়ী রূপ পাবে। অন্যদিকে ‘না’ জয়ী হলে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে না এবং বিজয়ী রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্ডা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে।
পোস্টে গণভোটের চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে জনমত গঠনে নিরলস কাজ করে যাওয়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হলেন, প্রেস সচিব শফিকুল আলম এবং আইসিটি বিভাগের বিশেষজ্ঞগণ।
তারা উল্লেখ করেছেন যে, দেশের ভবিষ্যৎ শাসনতন্ত্র নির্ধারণে এই গণভোট একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে কাজ করবে।
ইএইচ