জুলাই আন্দোলনে নিহত হাদি হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কোনো ধরনের তাড়াহুড়োর সুযোগ নেই। তবে অপরাধীদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
আসামিদের অবস্থান সম্পর্কে তিনি জানান, অপরাধীরা সম্ভবত সীমান্ত পার হয়ে পালিয়েছে এমন ইঙ্গিত পাওয়া গেছে। সুনির্দিষ্টভাবে অবস্থান নিশ্চিত করা না গেলেও তারা ভারতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখুঁতভাবে স্থান চিহ্নিত করা গেলেই তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।
এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টার দিকে তিনি শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
পরে তিনি উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে আন্দোলনে প্রাণ হারানো তিন শহীদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপদেষ্টা।
এ সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের জনবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
ইএইচ