ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন পার্ক, খেলার মাঠ ও গণপরিসরসমূহে নাগরিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং এসব স্থাপনার সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ তদারকির লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে ডিএনসিসি।
রোববার গুলশান নগরভবনে অনুষ্ঠিত ডিএনসিসির ১৩তম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, ডিএনসিসির আওতাধীন ৫২টি ওয়ার্ডে অবস্থিত মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসর সঠিকভাবে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না, সেটি নিয়মিতভাবে তদারকির জন্য এই স্টিয়ারিং কমিটি গঠন করা হচ্ছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকা শহরের পার্ক ও খেলার মাঠসমূহ ভিন্ন ভিন্ন মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। মাঠ ও পার্কের অব্যবস্থাপনা এবং দখলের অন্যতম কারণ হচ্ছে এই ভিন্ন মালিকানা। তাই সব পক্ষকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত করে এই স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এই কমিটি প্রতি মাসে একবার কর্পোরেশনে প্রতিবেদন দাখিল করবে। পাশাপাশি পার্ক ও মাঠের নিরাপত্তা এবং ব্যবস্থাপনা তদারকি করবে যেন কোনো ক্লাব বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এসব জায়গা দখল করতে না পারে।
বোর্ড সভার আলোচনায় জানানো হয়, প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক সার্ভেতে দেখা গেছে, ডিএনসিসির এলাকায় ১০৬টি গণপরিসর রয়েছে। এর মধ্যে সরাসরি ডিএনসিসির মালিকানায় রয়েছে ৩৭টি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৭টি এবং অবশিষ্টগুলো অন্যান্য সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে।
বোর্ড সভায় স্টিয়ারিং কমিটিতে সিটি কর্পোরেশন, রাজউক, গণপূর্ত অধিদপ্তর, ডিএমপি ও জেলা প্রশাসনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, আমিনুর রসুল, জাকিয়া শিশির, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মো. হাফিজুর রহমান ময়নাকে। তাঁরা এই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হলেন,।
এ ছাড়া ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে স্থানীয়দের সমন্বয়ে নাগরিক কমিটি গঠন করা হবে। যারা সরাসরি মাঠের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যেসব খেলার মাঠ স্কুল-কলেজের মালিকানাধীন, সেগুলো বিকেলবেলা যেন স্থানীয় মানুষ ব্যবহার করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এই স্টিয়ারিং কমিটি।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পার্ক, খেলার মাঠ ও উদ্যান সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনকে প্রদান করা হয়েছে। ডিএনসিসির মালিকানাভুক্ত নয় এমন পার্ক ও মাঠের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
ইএইচ