মুছাব্বির হত্যার কারণ প্রকাশ করল ডিবি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:০৮ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসার নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। 

রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, হত্যাকাণ্ডের পর ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শ্যুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুছাব্বিরকে হত্যার জন্য বিদেশ থেকে বিল্লালকে ‘সুপারি’ বা দায়িত্ব দেন তার এক বড় ভাই। ১৫ লাখ টাকা এবং পরবর্তীতে আইনি বা মামলা সংক্রান্ত সব দায়িত্ব নেওয়ার আশ্বাসে বিল্লাল এই কাজ করতে রাজি হন। এরপর বিল্লাল ৩ থেকে ৪ লাখ টাকা ও একটি মোটরসাইকেল দেওয়ার চুক্তিতে শ্যুটার জিন্নাতকে ভাড়া করেন।

তদন্তে আরও জানা গেছে, জিন্নাতের আগে মো. রিয়াজ নামের অন্য এক শ্যুটারকে ভাড়া করা হয়েছিল। কিন্তু রিয়াজ নির্ধারিত দিনের আগের দিন মুছাব্বিরকে হত্যা না করে ফিরে আসেন। এরপরই বিল্লাল শ্যুটার জিন্নাতকে দিয়ে এই হত্যাকাণ্ড সম্পন্ন করান। কারওয়ান বাজারের ব্যবসায়িক আধিপত্য বিস্তারই এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ বলে ডিবি নিশ্চিত করেছে।

জেএইচআর