মেট্রোরেলের স্থায়ী কার্ডে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টাকা রিচার্জ করা যাবে।
সোমবার তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারছেন এবং খুব শীঘ্রই আইফোন ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার সড়ক ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মশিউর রহমান ও সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
ডিটিসিএ জানিয়েছে, 'র্যাপিড পাস' নামক এই মোবাইল অ্যাপের মাধ্যমে এমআরটি পাস ও র্যাপিড পাসের গ্রাহকরা যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে রিচার্জ করতে পারবেন। এর আগে গত ২৫ নভেম্বর থেকে শুধুমাত্র ডিটিসিএর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু ছিল, এখন তার সঙ্গে মোবাইল অ্যাপ যুক্ত হওয়ায় সেবাটি আরও সহজ হলো।
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কার্ড রিচার্জের পাশাপাশি ব্যবহারের তথ্যও দেখতে পারবেন। বিকাশ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবার পাশাপাশি ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স কার্ড ব্যবহার করেও টাকা রিচার্জ করা যাবে। একবার রিচার্জে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ রয়েছে।
অনলাইন রিচার্জের পর গ্রাহককে অবশ্যই কার্ডটি মেট্রোরেল স্টেশনে থাকা 'অ্যাড ভ্যালু মেশিন'-এ স্পর্শ করতে হবে। মেশিনে স্পর্শ করার আগ পর্যন্ত এই রিচার্জ অপেক্ষমাণ বা পেন্ডিং হিসেবে দেখাবে। সফলভাবে রিচার্জ সম্পন্ন হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে।
নির্দেশনায় বলা হয়েছে, রিচার্জের পর কোনো কারণে স্টেশনের মেশিনে কার্ড স্পর্শ না করলে ৭ দিনের মধ্যে টাকা ফেরত নেওয়ার আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। এছাড়া কার্ডটি ব্ল্যাক লিস্টেড বা অবৈধ অবস্থায় থাকলে অনলাইন রিচার্জ সুবিধা পাওয়া যাবে না।
ইএইচ