উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৫৭ এএম

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং দগ্ধসহ আরও ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের নিরলস প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধোঁয়ায় অসুস্থ ও দগ্ধ হওয়া আরও ১৩ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

জেএইচআর