উত্তরার অগ্নিকাণ্ডে প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০২:২৭ পিএম

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় জামায়াত আমির উল্লেখ করেন, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত এবং অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। এ হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ডা. শফিকুর রহমান আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি নিহতদের পরকালীন মুক্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করতে মহান আল্লাহর নিকট প্রার্থনা জানান।

উল্লেখ্য, উত্তরার এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে এখন ছয়জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস প্রথমে তিনজনের মৃত্যুর খবর দিলেও পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান বলে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এ সময় ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে উপস্থিত ছিলেন।

ইএইচ