উপদেষ্টা আসিফ নজরুল

খালেদা জিয়াকে ধারণ করলে ভালো থাকবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:২৪ পিএম

বাংলাদেশকে ভালো রাখতে হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজ আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এ বিশেষ নাগরিক শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি তাঁর জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। তখন আমি একটি কথা বলতাম যে, বেগম জিয়া ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই তিনি এখন ভালো আছেন। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়, তবে অবশ্যই বেগম জিয়াকে ধারণ করতে হবে।

আইন উপদেষ্টা খালেদা জিয়ার নেতৃত্বের গুণাবলি তুলে ধরে বলেন, তাঁর মধ্যে অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। তিনি সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন। তার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল এবং তিনি পরমতসহিষ্ণু ছিলেন। 

জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আল্লাহর কাছে হাজার শোকর যে আজ আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে পারছি।

অধ্যাপক আসিফ নজরুল আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, আবার স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এ কারণেই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর অন্যজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। 

নাগরিক শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ